বনানীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারওয়ান বাজারে ছিনতাইকারী আটক
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। এর মধ্যে বনানী থেকে আওয়ামী লীগ নেতাকে এবং তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবুল আলম জোবায়ের (৩৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এসআরইউর ইনভেস্টিগেশন টিম-১।
এসআরইউ সূত্রে জানা গেছে, মাহাবুবুল আলম জোবায়ের বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক। তিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
অন্যদিকে, সোমবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান চালায় এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। এ সময় ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মোহাম্মদ আলীর হেফাজত থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা গাঁজাসহ তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩৫, মামলা ৩৬





