দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা হচ্ছে, বদলে যাচ্ছে একটি থানার নাম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের প্রশাসনিক কাঠামোয় আসছে নতুন পরিবর্তন। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবাকে সহজ করতে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন থানাটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপন করা হবে। এর ফলে নতুন করে দুটি থানা গঠনের অনুমোদন পেল দেশ।

শুধু থানা নয়, নতুন দুটি পৌরসভা গঠনেরও অনুমোদন দিয়েছে নিকার। এর একটি বগুড়া জেলার মোকামতলা উপজেলায় এবং অন্যটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়। অনুমোদন অনুযায়ী, পৌরসভা দুটির নাম হবে যথাক্রমে ‘মোকামতলা’ ও ‘জৈন্তাপুর’ পৌরসভা।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

এদিকে, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে ‘পাগলা’ থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, থানাটির নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।

এ ছাড়া দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর আগে মটবী ও চরচামিতা মৌজায় স্থাপনের প্রস্তাব ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সদর দপ্তরটি হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে।

একইভাবে, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব করে স্থানীয় সরকার বিভাগ। নিকার সভার এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কক্সবাজার, বগুড়া, সিলেট, ময়মনসিংহ, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসবে।