তারেক রহমানকে আমি সরাসরি কখনো দেখিওনি: বিদায়ী তথ্য সচিব মকবুল
মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, ‘নীতি নৈতিকতার সঙ্গে কখনো কম্প্রোমাইজ (আপস) করিনি।’ এ সময় তিনি তার বিরুদ্ধে ওঠা সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেন।
সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তারেক রহমানকে আমি সরাসরি কখনো দেখিওনি।
আরও পড়ুন: গুমের অধ্যাদেশের ফাঁকফোকর পূরণ করে শক্ত আইন চায় জনগণ: রিজভী
বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বিষয় যদি আপনাদের নলেজে আসে তাহলে পত্রিকায় প্রকাশ করবেন এবং খুঁজে বের করে প্রশ্ন করবেন।
আবেগাপ্লুত হয়ে বিদায়ী সচিব বলেন, এরকম অবস্থার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
আরও পড়ুন: সৌদি আরবে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে, মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ জানা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভার শুরুতে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এটি বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে রোববার (১৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। ২০২৩ সালের ২৫ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল মো. মকবুল হোসেনের।





