নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বিসিবির তদন্তে: আইনজীবী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫১ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। তবে ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখা এবং হাইকোর্টের নির্দেশনা অনুসরণের স্বার্থে তদন্ত প্রতিবেদনটি কখনোই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিসিবির আইনজীবী।

মাহিন এম রহমান জানান, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির গঠিত কমিটির প্রতিবেদনে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে প্রতিবেদনটি প্রকাশ্যে আনা হলে গোপনীয়তার নীতিমালা লঙ্ঘিত হতে পারে এবং ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে প্রতিবেদনটি প্রকাশ করা হবে না।

আরও পড়ুন: রাফিনহার জোড়া গোলে বার্সেলোনার দাপুটে জয়

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করে বিসিবি। পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন মঞ্জুরুল ইসলাম। এসব রিটের শুনানির সময় বিসিবির পক্ষ থেকে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগসংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।

বিসিবির আইনজীবী জানান, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করেছে বিসিবি। তিনি বলেন, ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখার বিষয়টি বিবেচনায় রেখেই তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল