মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে লাঠিপেটা, হাসপাতালে কনস্টেবল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৫২ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের হামলায় আহত হয়েছেন পুলিশের এক সদস্য। একা পেয়ে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন কয়েকজন শ্রমিক। আহত কনস্টেবল মো. সাইমন বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুরের কালশী রোডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নির্দেশনা

হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে এলোপাতাড়ি আঘাত করছেন। এ সময় কয়েকজন তাঁদের থামানোর চেষ্টা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তাঁরা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তাঁর ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন: গোয়েন্দা ব্যর্থতায় মাঠে নেমেছে তৃতীয়পক্ষ

এর আগে সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই সংঘর্ষের ঘটনায় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ।