সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নির্দেশনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪২ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শনের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: গোয়েন্দা ব্যর্থতায় মাঠে নেমেছে তৃতীয়পক্ষ

স্মারকে বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে বিভিন্ন দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখা জরুরি।

এ পরিপ্রেক্ষিতে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সব কর্মকর্তা-কর্মচারীকে সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে আইডি কার্ড প্রদর্শনের নির্দেশনা দিতে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও কয়েকটি নির্দেশনা জারি করা হয়। এতে নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার দিনগুলোতে সচিবালয়ের বাইরের বিভিন্ন দপ্তরের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখতে বলা হয়েছে।

এ ছাড়া দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ওটিপি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার বিষয়েও নির্দেশনা রয়েছে। পাশাপাশি ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটিকালীন সময়ে তাদের জন্য ওটিপি প্রদান বন্ধ রাখতে বলা হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।