মুক্তির আগেই রেকর্ড শাহরুখের ‘কিং’-এর
বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয়তা যে এখনো তুঙ্গে, তার প্রমাণ মিলল আসন্ন সিনেমা ‘কিং’-এর মাধ্যমে। মুক্তির আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ছবিটি। বিদেশি থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি করে সর্বোচ্চ অর্থ পাওয়ার নজির গড়েছে শাহরুখ অভিনীত সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব পেয়েছে ‘ফারস ফিল্মস’। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১৭৫ কোটি রুপি বা প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলারে ছবিটির বিদেশি থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন স্বত্ব কিনে নিয়েছে সংস্থাটি। এর আগে কোনো ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব এত বেশি দামে বিক্রি হয়নি।
আরও পড়ুন: আসছে নতুন ধারাবাহিক নাটক ‘খুব চেনা গল্প’
তবে রেকর্ড দামে স্বত্ব বিক্রি হলেও আন্তর্জাতিক বক্স অফিসে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ‘কিং’কে। বিনিয়োগের সাফল্য ধরে রাখতে বিদেশি বাজার থেকে ছবিটিকে আয় করতে হবে আনুমানিক ৩৭ থেকে ৪০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি।
এই লক্ষ্য পূরণ করতে হলে শাহরুখের নতুন সিনেমাটিকে পেছনে ফেলতে হবে ‘ধুরন্ধর ২’ ও ‘আরআরআর’-এর আন্তর্জাতিক বক্স অফিস আয়কে। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ বিদেশি বাজার থেকে আয় করেছে ৪৬০ কোটি রুপি। অন্যদিকে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’-এর আয় ছিল ৪৩০ কোটি রুপি। এমনকি শাহরুখের নিজের সিনেমা ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর বিদেশি বাজারের আয়কেও ছাড়িয়ে যেতে হবে ‘কিং’কে। ছবি দুটি আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৪০০ কোটি রুপি করে আয় করেছিল।
আরও পড়ুন: মারা গেছেন বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্ত
তবে বিশ্লেষকদের ধারণা, দর্শকের আগ্রহ এবং শাহরুখের আন্তর্জাতিক জনপ্রিয়তা কাজে লাগাতে পারলে এই লক্ষ্য অর্জন অসম্ভব নয়। বিশেষ করে মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
এদিকে ‘কিং’-এর মাধ্যমে প্রথমবার শাহরুখের কোনো সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব পেল ফারস ফিল্মস। এর আগে সাধারণত তার সিনেমার বিদেশি পরিবেশনার দায়িত্বে থাকত যশরাজ ফিল্মস। তবে এই পরিবর্তনের কারণ এখনো জানা যায়নি। আন্তর্জাতিক বাজারে অবশ্য ফারস ফিল্মসের অভিজ্ঞতা রয়েছে। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’সহ একাধিক সিনেমার বিদেশি পরিবেশনার দায়িত্ব পালন করেছে প্রতিষ্ঠানটি।
বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর। সিনেমাটির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। এর আগে ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি।
জানা গেছে, সিনেমায় একজন অভিজ্ঞ খুনির চরিত্রে দেখা যাবে শাহরুখকে। তিনি তার শিষ্যকে প্রশিক্ষণ দেবেন। আর সেই শিষ্যের ভূমিকায় অভিনয় করছেন সুহানা। বাবা-মেয়ের এই প্রথম বড়পর্দার জুটি নিয়ে দর্শকদের মধ্যেও রয়েছে বাড়তি আগ্রহ।
শাহরুখ ও সুহানা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মার মতো তারকারা।





