কয়লার অভাবে পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আজ সোমবার (৫ জুন) বেলা সাড়ে ১২টায় বন্ধ হয়ে যায়। প্ল্যান্টের ম্যানেজার শাহ আব্দুল মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি ইউনিট মিলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। কয়লার অভাবে ২৫শে মে বন্ধ হয় প্রথম ইউনিট। সোমবার বন্ধ হলো দ্বিতীয় ইউনিটও। এর ফলে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলো দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎকেন্দ্রটিতে। এতে দক্ষিণাঞ্চলসহ সমগ্র দেশে চলমান লোডশেডিংয়ের মাত্রা আরও বাড়বে।
কর্তৃপক্ষ বলছেন, নতুন করে কয়লা আমদানির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক ১০০ মিলিয়ন ডলার সংস্থান করে দিয়েছে। ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই কয়লা চলে আসলে আবারও চালু হবে বিদ্যুৎ কেন্দ্রটি।
আরও পড়ুন: দেশে ফের বেড়েছে লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে এ বিদ্যুৎকেন্দ্রটির বর্তমান পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা। ডলার সংকট থাকায় এলসি খোলা যাচ্ছিল না।
আর এ কারণে কয়লা আমদানি সম্ভব হচ্ছে না। কয়লার অভাবে তাই বন্ধ বিদ্যুৎ উৎপাদন।





