ঢাকা-পদ্মাসেতু-যশোরে রেল চলবে আগামী জুনে : রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২০২৪ সালের জুনে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল করবে।
শনিবার (১০ জুন) রেললাইন স্থাপন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা-যশোর সেকশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা
তিনি বলেন, আগামী আগষ্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে-ঢাকা পর্যন্ত রেলের ট্রায়াল রান করতে পারবো। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ২য় অংশ কাজের অগ্রগতি সন্তোজনক। ২০২৪ সালের জুন মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করতে পারবো।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল চালু হলে অনেক পথ কমে যাবে, পাশাপাশি সময় বাঁচবে। যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। একাজ শেষ হওয়ার পর ভাঙ্গা থেকে পায়রাবন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপন করার কাজ শুরু হবে।
আরও পড়ুন: বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান
নূরুল ইসলাম সুজন বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণ চলমান রয়েছে।
এ সময় প্রকল্পের কাজে নিয়োজিত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিমউদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী প্রমুখ।





