মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত দেওয়া হবে: বায়রা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাশার ঘোষণা করেছেন যে, মালয়েশিয়া যেতে না পারা সকল শ্রমিকের টাকা ফেরত দেওয়া হবে। একই সাথে, যেসব এজেন্সি কর্মীদের টাকা নিয়েও তাদের নিতে পারেনি, তাদের তালিকাও তৈরি করা হবে।
মঙ্গলবার (৪ জুন) এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত
মোহাম্মদ আবুল বাশার বলেন, আমরা কথা দিলাম, শ্রমিকরা এজেন্সিকে কত টাকা দিয়েছেন তারও তালিকা হবে। আমরা এজেন্সিগুলোর কাছ থেকে টাকা আদায় করে কর্মীদের দেওয়ার জন্য বায়রার পক্ষ থেকে পদক্ষেপ নেব। এবার ১০১ জন ব্যবসা করেছে, তাদের সুযোগ দিয়েছে কে? নিশ্চয় দুই দেশের মন্ত্রণালয়। এখানে আমাদের সরকার ও মালয়েশিয়ান সরকার একটি চুক্তি করেছে। কতজন লোক লাগবে, কীভাবে নির্ধারণ করবে সেই চুক্তি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে। এই চুক্তি বায়রার সঙ্গে করেনি। আর ওই চুক্তি মোতাবেক মালয়েশিয়া সরকার ১০১ এজেন্সিকে চিহ্নিত করেছে। বায়রার সদস্যদের এখানে কিছুই করার নেই বলে মত দেন তিনি।
১৯৯৪ সালেও এমন সিন্ডিকেট হয়েছিল, সেটা তিনি ভেঙে দেওয়ার দাবি করে বলেন, এরপর ২০০৮ ও ২০১৬ সালেও সিন্ডিকেট হয়েছে। আমাদের সদস্যদের ব্যবসা করার সুযোগ করে দিয়েছিলাম। একটা স্বার্থান্বেষী মহল চায় কোটিপতি থেকে আরও কোটিপতি হতে। এখন আমরা চেষ্টা করছি যেসব মানুষ যেতে পারেনি তাদের টাকা ফেরত দিয়ে বায়রাকে দায় মুক্ত করতে।
আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী
গমন ইচ্ছুক কর্মীদের কাছ তিন থেকে চারগুণ বেশি টাকা নেওয়ার প্রসঙ্গে বলেন, এই যে ৫ লাখ, ৪ লাখ টাকা নেওয়া হচ্ছে অভিযোগ উঠেছে এটা সঠিক নয়। এ রকম কথার কথা অনেকে বলে। আমাদের এমপিরা কোনো চক্রান্ত করেননি। তাদের নামে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এটা খুবই দুঃখজনক। এখানে সংসদ সদস্যদের কথা আসছে কেন? তাদের রিক্রুটিং লাইসেন্স আছে, ব্যবসা করবে। এখন সে সংসদ সদস্য হোক আর যাই হোক তাদের তো ব্যবসা করার অধিকার আছে। এখন এগুলো নিয়ে একটা প্রতিপক্ষ চক্রান্ত করছে বলে দাবি করেন তিনি।





