বাইডেনের নৈশভোজে অংশ নেবেন ড. ইউনূস

বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে।

ড. ইউনূসের বৈঠকের সম্ভাব্যতা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও আলোচনা হতে পারে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেদারল্যান্ডস এবং নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ বাংলাদেশ  মিশন ও সচিবালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: সংসদে আরও চার কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দলের কেউ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে ড. ইউনূসের। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্যসব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে ড. ইউনূসও অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’র বিশাল মিলনায়তনে।

প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন সে সময় সবাইকে স্বাগত জানাবেন এ ডিনার পার্টিতে। এ সময় অতিথিদের সঙ্গে ফটোসেশনেও মিলিত হবেন ফার্স্টলেডি ও প্রেসিডেন্ট। 

আরও পড়ুন: দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জিংয়ে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা

জাতিসংঘে ভারতীয় মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১-২২ এবং ২৩ সেপ্টেম্বর থাকবেন জাতিসংঘের কার্যক্রমে। শীর্ষ সম্মেলনে মোদির প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাই নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক অথবা সাক্ষাতের এ মুহূর্তে কোনো সম্ভাবনা নেই।

আগামী ২৭ সেপ্টেম্বর সকালে ড. ইউনূস সাধারণ অধিবেশনে (৮ নম্বর বক্তা হিসেবে) বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন রাতের ফ্লাইটে ড. ইউনূস ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। 

অন্যদিকে,  ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময় কানাডা ও আমেরিকার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ সমর্থকরা তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ২৪ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনেও বিক্ষোভের কর্মসূচি রয়েছে।