৫ মে শাপলা চত্বর ট্র্যাজেডির ৯৩ শহীদের প্রাথমিক তালিকা প্রকাশ
৫ মে ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে প্রাণ হারানো ৯৩ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে জানান, এটি একটি প্রাথমিক খসড়া এবং এখনো কাজ চলছে; ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছিল, ওই রাতে সহিংস অভিযানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। তবে বেসরকারিভাবে কাজ করা মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে ৬১ জন নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করে।
আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা
অন্যদিকে, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ২০২৪ সালের ২ মে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, তিনি এবং তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেটের অনুসন্ধানে দেখা যায়, ৫ ও ৬ মে’র সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হন, যাদের মধ্যে সাতজন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবির পক্ষে শাপলা চত্বরে সমাবেশ করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কওমি মাদরাসার ছাত্র, আলেম ও সাধারণ মানুষ অংশ নেন। রাতভর চলা অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে রাত ৩টার দিকে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। চারপাশ থেকে শুরু হয় টিয়ারশেল, গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীরাও অংশ নেন।
আরও পড়ুন: বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান
হেফাজতের প্রকাশিত খসড়া তালিকায় দেখা গেছে, নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই যুবক। তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের পরিচয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে এখনো কোনো স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি বলে দাবি করেন বিশ্লেষকরা।





