কৃষক কার্ড উদ্বোধন, ২২ হাজার কৃষক পেলেন নগদ সহায়তা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের প্রান্তিক কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ২২ হাজারের বেশি কৃষকের মোবাইলে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল সদরসহ দেশের ১১ উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মোবাইলে আড়াই হাজার টাকা করে পাঠানো হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

এটি বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এর মধ্য দিয়ে সরকার তাদের আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোল। এর আগে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড ও খালখনন কর্মসূচিও চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে ‘কৃষক কার্ড’ ও গাছের চারা তুলে দেন। এ সময় উপস্থিত কৃষকদের মধ্যে ছিলেন—আবু কায়সার, রোমান, শাহনুর আলম, শাহ আলম, জুলেখা আখতার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মনোয়ারা আখতার, শামীমা আখতার, লায়লা বেগম ও তাহমিনা।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে উপস্থিত কৃষক ও জনতা তাকে স্বাগত জানান। মঞ্চে উঠে তিনি উপস্থিত কৃষকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।