অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন ডা. জোবাইদা রহমান
দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ডা. জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৬ মে) বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনি (ডা. জোবাইদা রহমান) মাকে দেখতে হাসপাতালে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনো ঠিক হয়নি।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। তার স্বামী নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান।
জানা গেছে, ডা. জোবাইদা রহমান ধানমন্ডিতে বাবার বাড়িতেই উঠবেন।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজ সকাল ১০ টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ডা. জোবাইদা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর তার নামে মামলা করে দুদক। ওই মামলায় জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জোবাইদার ওই সাজা স্থগিত করেন আদালত।





