টাইমস র‌্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৫০ পূর্বাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এ বছর তালিকায় ২০০ ধাপ অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান এখন ৮০১ থেকে ১০০০-এর মধ্যে। গত বছর এ অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রেখেছে। বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন-এর অফিসিয়াল ওয়েবসাইটে র‌্যাঙ্কিংটি প্রকাশ করা হয়।র‌্যাঙ্কিংয়ে বিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার মতো সূচক বিবেচনায় নিয়ে এ র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে।সূত্র জানায়, এ বছর গবেষণার মান ও শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গবেষণার মান সূচকে ৯.৩ পয়েন্ট (৬৭.২ থেকে ৭৬.৫) এবং শিল্পক্ষেত্রের সহযোগিতায় ১১.৮ পয়েন্ট (২১.৪ থেকে ৩৩.২) বেড়েছে। গবেষণার পরিবেশ সূচকেও ৩ পয়েন্ট অগ্রগতি (১০.৩ থেকে ১৩.৩) হয়েছে। শিক্ষা সূচকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পয়েন্ট ১৭.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে পয়েন্ট ৪৫।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে ১৬ সদস্যের একটি বিশেষ কমিটি। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সার্বিক দিকনির্দেশনায় কমিটিটি কাজ করছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

কমিটিতে আরও রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আইটি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামালসহ আরও অনেকে।

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

র‌্যাঙ্কিংয়ে এই সাফল্যের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, “এটি সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতায় ধারাবাহিকতা বজায় থাকবে।”

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS)-এর র‌্যাঙ্কিংয়েও দেশসেরা অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।