‘জামিন পাওয়ার পর এক ক্লিকেই আদেশ যাবে কারাগারে, কমবে হয়রানি’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হয়রানি কমাতে বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এর ফলে আদালত থেকে জামিন পাওয়ার পর মাত্র এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে জামিন আদেশ পৌঁছে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. আসিফ নজরুল বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এই প্রক্রিয়ার কিছু ধাপে আর্থিক ব্যয়ও করতে হয়। তাই সাধারণ মানুষের হয়রানি কমাতে জামিননামা অনলাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কাল (বুধবার) থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে।

তিনি আরও বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করেছি—একদম নিজেদের উদ্যোগে, কোনো সহযোগিতা ছাড়াই।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সময় আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।