চলতি মাসেই ২০০ প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।
শুক্রবার গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রার্থীরা যাতে মনোনয়ন পাওয়ার পর কার্যক্রম শুরু করতে পারেন, এজন্য ২০০ আসনে একক প্রার্থীকে এই মাসের মধ্যে অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি জোট গঠন ও সরকার গঠনের ক্ষেত্রে শরিক দলের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হবে এবং তাদের প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী
তিনি আরও বলেন, প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হয়। যারা মনোনয়ন পাননি, তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগও থাকে।
জোট রাজনীতির প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, সব দলের সঙ্গে আলোচনা চলছে। এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে। তবে এখনই চূড়ান্ত জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন: দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং মনোনয়ন প্রক্রিয়া সেই আলোচনার ভিত্তিতে এগোচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক ও গণতন্ত্রের পক্ষে থাকা অন্যান্য শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে।
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, আরপিও সংশোধনের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি নির্বাচন কমিশনে দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কেউ জিততে না পারে তা নিশ্চিত করতে একক প্রার্থী থাকা আসনে ‘না’ ভোটে সম্মতি জানিয়েছে বিএনপি।





