‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনী বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, কমিশন নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, শাপলা প্রতীক বিষয়ে কমিশন আগেই তাদের অবস্থান জানিয়েছে। বিধিমালায় যেহেতু এই প্রতীক নেই, তাই এটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাবও কমিশনের কাছে আসেনি, তাই আমরা আগের অবস্থানেই রয়েছি।
আরও পড়ুন: আইটি-সেমিকন্ডাক্টর ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর আশাবাদ তারেক রহমানের
নির্বাচনী আইন আরপিও (Representation of the People Order) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, কমিশন আরপিও সংশোধনের আগে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি। তাই অনুমান নির্ভর মন্তব্য করা সঠিক নয়।”
তিনি আরও যোগ করেন, কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে— যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐকমত্য ছাড়া অসম্ভব, বিদ্যমান আইনে নির্ধারিত, এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।
আরও পড়ুন: আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন বিএনপির প্রতিনিধি মোঃ ইসমাইল জবিউল্লাহ
ইসির সিনিয়র সচিবের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে ‘শাপলা’ প্রতীক দাবি করেছিল, তা বর্তমান নির্বাচনী বিধিমালায় অনুমোদিত নয়। ফলে কমিশন বিকল্প প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।





