তিন দফা দাবিতে ফের আন্দোলনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লাগাতার’ অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি শিক্ষক সংগঠন এই আন্দোলনে অংশ নিচ্ছে। সংগঠনগুলো হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
আরও পড়ুন: ১১ মে থেকে ৭২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও কর্মসূচিতে যোগ দিয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, আমরা বহুবার আলোচনায় গিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”
আরও পড়ুন: তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো, দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক। সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হলেও সহকারী শিক্ষকরা সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নাতক ডিগ্রি নিয়েই দশম গ্রেড পাচ্ছেন। অথচ আমরা স্নাতক ডিগ্রির পাশাপাশি সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পন্ন করেও ১৩তম গ্রেডে আছি। এটি স্পষ্ট বৈষম্য।”
এদিকে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নামে আরেকটি সংগঠন সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে। তাদের দাবি— একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।
তারা ঘোষণা দিয়েছে, দাবি পূরণ না হলে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে।





