দুই-তিন দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার জানা যাবে: ড. আসিফ নজরুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী দুই-তিন দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইন উপদেষ্টা।

আরও পড়ুন: হঠাৎ কেন দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ করলো সরকার

ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি। নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী দুই-তিন দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন।”

তিনি আরও বলেন, “উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি।”

আরও পড়ুন: কৃষকদের স্বচ্ছল করতেই ‘কৃষক কার্ড’ চালু: প্রধানমন্ত্রী

আজকের সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ খসড়া উপস্থাপন করা হয়। এতে সংস্থার কার্যপরিধি সম্প্রসারণ, আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করা, অধিদফতর রূপান্তর, আইনগত সহায়তা উপদেষ্টা পরিষদ গঠন, মহানগর কমিটি গঠন, বেসরকারি সংস্থার কর্মক্ষেত্র নির্ধারণ এবং মধ্যস্থতাকারীদের জন্য অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সাবেক জেলা জজ মোতাহার হোসেন, ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল কনসালটেন্ট ব্যারিস্টার তানিম হোসেইন শাওনসহ অন্যান্যরা। তারা খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।