একই দিনে নির্বাচন ও গণভোট করা বড় চ্যালেঞ্জ: সিইসি নাসির উদ্দিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৭ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশানে আয়োজিত নির্বাচন বিষয়ক এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ। তিনি বলেন, এমন মুখোমুখি পরিস্থিতিতে আগের কোনো নির্বাচন কমিশনকে পড়তে হয়নি।

শনিবার (২২ নভেম্বর) এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সিইসি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। আগামী সপ্তাহেই গণভোটের আইন করা হবে। আইনটি পাস হলে ইসি গণভোটের প্রস্তুতি শুরু করবে।

আরও পড়ুন: বিশ্বে বাড়ছে বায়ুদূষণ, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১০ম

তিনি বলেন, পূর্বের কোনো নির্বাচন কমিশনকে এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি, কিন্তু আমাদের করতে হচ্ছে। কারণ আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই; সঠিক প্রক্রিয়া মেনেই কাজ করছি। আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই।

নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা অত্যন্ত বেশি—এ কথা উল্লেখ করে সিইসি বলেন, গত দুই-তিন দিনের বিভিন্ন আলোচনায় জনগণের প্রত্যাশা কতটা উঁচু, তা আমরা স্পষ্টভাবে বুঝেছি। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলেও আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা

সিইসি নাসির উদ্দিন বলেন, কমিশনের লক্ষ্য একটাই—ফ্রি, ফেয়ার এবং স্বচ্ছ নির্বাচন আয়োজন। “এর বেশি নয়, কমও নয়। এ ব্যাপারে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়। তবে আমি বিশ্বাস করি স্বচ্ছ নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দায়িত্বশীল ও বিজ্ঞ—তারা বিষয়গুলো বুঝবেন।