ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত
দুদকের চিঠিতে বলা হয়েছে, প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। অনুসন্ধান শুরু করতে দৈনিক ও সাম্প্রতিক সেলের একজন কর্মকর্তা মহাপরিচালক (তদন্ত-১)কে আজ ২৭ নভেম্বর চিঠি প্রদান করা হয়েছে। চিঠিতে অভিযোগ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ এজাজকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল।
আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী





