সরকারের অবস্থান স্পষ্ট, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

প্রেস সচিব বলেন, “এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”

ব্রিফিংয়ে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে। ভিডিও ও ভিজ্যুয়াল ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আইন উপদেষ্টা নিশ্চিত করেছেন—এই মামলার বিচার দ্রুত বিচার আইনের আওতায় করা হবে।

আরও পড়ুন: ‘আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে’

সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্গাপূজাসহ বিভিন্ন বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যা আপনারা প্রত্যক্ষ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার তার প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। তার নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। বিএনপি যতটুকু নিরাপত্তা সহযোগিতা চাচ্ছে, সরকার তা তদারকি করছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও ও ভিজ্যুয়াল ফুটেজ যাচাই করে আটক করা হয়েছে। অনেকের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।