পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বোর্ড ঘোষণা করে।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আরও পড়ুন: তাহসিফের সঙ্গে থাকা তরুণীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
এর আগে শনিবার (৩১ অক্টোবর) পোশাক কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে, বিশেষ করে পোশাকশ্রমিক নেতাদের নিয়ে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতেই রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় পাসের হারের রেকর্ড
এদিকে, নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা এলেও ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক বেতনের দাবিতে রোববারও আন্দোলন অব্যাহত রেখেছেন পোশাকশ্রমিকেরা। রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।





