দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:২৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।

আরও পড়ুন: বিদেশি সহায়তা কমেছে ৪২%, ঋণ পরিশোধে দ্বিগুণের বেশি ব্যয় বাংলাদেশের

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এর আগে, গত ২৮ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৮ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো, ৬৫ দফা কমানো এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।