মার্চে জাপান সফর প্রধান উপদেষ্টার , জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন শেষে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি কী করবেন—এ নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও এবার নিজের নির্বাচন-পরবর্তী পরিকল্পনার কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে দায়িত্ব ছাড়ার পর তার পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি জানান, নির্বাচন-পরবর্তী সময়ে মূলত তিনটি বিষয়ে কাজ করবেন তিনি।
ড. ইউনূস বলেন, তার প্রথম লক্ষ্য হবে ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখবেন তিনি। যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ চলবে বলে জানান প্রধান উপদেষ্টা।
তৃতীয়ত, ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এই ধারণা নিয়ে দীর্ঘদিন ধরে যে কাজ তিনি করছেন, তা ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলে জানান ড. ইউনূস।
উপ-প্রেস সচিব আরও জানান, বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক এবং স্মৃতির কথাও উঠে আসে। আততায়ীর গুলিতে নিহত শিনজো আবের সঙ্গে তার গভীর বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফরে যাবেন। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টা জানান, সাসাকাওয়া ফাউন্ডেশন মূলত ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে। জাপান সফরে এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন তিনি।





