নিকারের সভায় পূর্বাচল উত্তর দক্ষিণ ও মাতারবাড়ি নামে নতুন থানা গঠন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত এই সভাটিই ছিল নিকার-এর প্রথম বৈঠক।

সভায় অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাসহ সরকারের মোট ছয়জন মাননীয় উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব ও সিনিয়র সচিব সভায় অংশ নেন। বৈঠকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: দিনে দিনে ইলিশ আরও ছোট হচ্ছে উৎপাদনও কমছে, নেপথ্যে কী

সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। উল্লেখ্য, এ সংক্রান্ত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ ইতোমধ্যেই জারি করা হয়েছে।

সভায় ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে নতুন করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণা করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবার সম্প্রসারণে গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানা বিভক্ত করে আরও একটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়।