৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় শ্রমিক আন্দোলন, কাভার্ড ভ্যানে আগুন

Shahrier Islam Pallab
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন চরম আকার ধারণ করেছে। সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় হা-মীম গ্রুপের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে জিরাবো ও নরসিংহপুর এলাকায় শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বেলা ১১টার দিকে নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় হা-মীম গ্রুপের একটি কাভার্ড ভ্যানে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সব মিলিয়ে শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: ১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন গৃহবধূ রীতি

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়ার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।