নির্বাচনে ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা, মোতায়েন ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৪ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মাঠে মোতায়েন রয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

আরও পড়ুন: রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২৯ কোটি টাকার বেশি অনুদান দিল ইইউ

তিনি বলেন, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে আগেই সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ঠিক কতটি কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। বুধবার বিস্তারিত সংখ্যা জানানো হবে বলে উল্লেখ করেন।

সিসি ক্যামেরার পাশাপাশি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রয়োজন অনুযায়ী কিছু কেন্দ্রে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, “বাংলাদেশে এত ফোর্স ও এত সক্ষমতা একসঙ্গে আগে কখনো মোতায়েন করা হয়নি। তাই অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এরপরও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।”

তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে ৮৫০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের ধারণা, এসব অস্ত্রের একটি বড় অংশ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল।