জুলাই সনদে স্বাক্ষর করলো এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে।
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির আস্থা ছিল, আজ সেই আস্থা পূর্ণতা পেলো। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।”
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
তিনি আরও বলেন, “এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদক্ষেপে প্রেরণা যোগায়, তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সকলের সামনের দিনগুলো শুভ হোক।”
নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুইটি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। দেশের মানুষ আমাদের যে আস্থা দিয়েছে, আমরা তা বাস্তবায়ন করব। জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ তৎপর ছিলাম।”
এনসিপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন এবং জহিরুল ইসলাম।





