শিক্ষাঙ্গন হবে নকল, মাদক ও সন্ত্রাসমুক্ত: শিক্ষামন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নকলমুক্ত করার মতোই মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রী জানান, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার যে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংবিরোধী কার্যক্রম জোরদার করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কচুয়া থেকে যেভাবে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে ইতিবাচক ফল এসেছে, একইভাবে এখান থেকেই মাদকবিরোধী কার্যক্রম শুরু করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ: আইনমন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানর নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত অগ্রযাত্রা শুরু করবে এবং ভবিষ্যতের বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র। শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ।

এর আগে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।