‘সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা’—মন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর ‘সমঝোতার মাধ্যমে টাকা আদায়’ সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি এহছানুল মাহবুব জুবায়ের শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, “সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছেন মন্ত্রী।”
গত বৃহস্পতিবার সচিবালয়ে শেখ রবিউল আলম বলেন, সড়কে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন সমঝোতার মাধ্যমে যে টাকা নেয়, তা চাঁদাবাজি নয়; জোর করে নেওয়া অর্থই চাঁদা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, ছয়জন আটক
এই বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে এহছানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজি ফৌজদারি অপরাধ এবং সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তবে তা রাষ্ট্রের জন্য কলঙ্কজনক হবে। এতে চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ উৎসাহিত হতে পারে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের দায়িত্ব চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া। কোনো অবস্থাতেই অপরাধকে ‘সমঝোতার’ আড়ালে গ্রহণযোগ্য করা যায় না।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
এহছানুল মাহবুব বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জামায়াতের অবস্থান আপসহীন। তিনি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান। পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।





