মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ
মশক নিধন, বনায়ন জোরদার এবং নগরকে পরিচ্ছন্ন রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎকালে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক।
আরও পড়ুন: আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় সরকার কাঠামো কার্যত অকার্যকর ছিল বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণ ছিল এবং নির্বাচন ব্যবস্থা সঠিকভাবে কার্যকর ছিল না।
তিনি আরও বলেন, জনগণের প্রাপ্য নাগরিক সেবা নিশ্চিত না করে একটি দলকে টিকিয়ে রাখার রাজনীতি করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সিটি কর্পোরেশনগুলোকে সক্রিয় করা হয়েছে। জনগণের ভোগান্তি কমাতে এবং তাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিতে প্রশাসন কাজ করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ: আইনমন্ত্রী
ডিএসসিসির প্রশাসক বলেন, দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—মশা নিধনে কার্যকর অভিযান পরিচালনা, নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বনায়ন কর্মসূচি জোরদার করা এবং নাগরিক সমস্যাগুলোর দ্রুত সমাধান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যাতে বঞ্চিত নাগরিক অধিকার দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে জনভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
আবদুস সালাম জানান, সব দিক বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন কাজ শুরু করবে।





