বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে উপ-সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনাগুলো দেওয়া হয়।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। অফিসে প্রয়োজন ছাড়া অতিরিক্ত বাতি ব্যবহার না করে বর্তমানে ব্যবহৃত আলোকসজ্জার অর্ধেক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে। অফিস সময় শেষে কম্পিউটার, মুদ্রণযন্ত্র ও নথি অনুলিপি যন্ত্রও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

এছাড়া সব ধরনের আলোকসজ্জা পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নির্ধারণ করতে বলা হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি যানবাহনের ব্যবহার সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি করিডোর, সিঁড়ি ও শৌচাগারের মতো স্থানে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নির্দেশনাগুলো দ্রুত কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।