বিদেশে পড়তে শিক্ষার্থীদের ১০ লাখ টাকার ঋণ, প্রধানমন্ত্রীর নির্দেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ সহজ করতে ব্যাংক গ্যারান্টির সহায়তায় ১০ লাখ টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: আসাদগেট-শ্যামলীতে ৭ দিনের অভিযান: সব ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়

নুরুল হক নুর জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, যুদ্ধের কারণে সাময়িক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে জনশক্তির চাহিদা বাড়বে।

আরও পড়ুন: তেলের সংকট নেই, বাড়তি কেনাকাটায় সমস্যা: জ্বালানিমন্ত্রী

প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের ভাষা দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন। নুরুল হক নুর বলেন, “ভাষা জানলে শ্রমিকরা ভালো বেতন পেতে পারে, তাই থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”

এছাড়া জাপানে এক লাখ কর্মী পাঠানোর এমওইউ বাস্তবায়ন ত্বরান্বিত করা, ইউরোপে শ্রমবাজার সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের কনস্যুলার সেবা বাংলাদেশে চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, অভিবাসন ব্যয় নির্ধারণ, বন্ধ শ্রমবাজার চালু করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

রেমিট্যান্স নিয়ে শঙ্কার বিষয়ে তিনি বলেন, যুদ্ধের কারণে বড় ধরনের প্রভাব পড়বে না, বরং ভবিষ্যতে নতুন সুযোগ তৈরি হতে পারে।