বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৫৪ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঋণ ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। বিশেষ করে কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে যেতে আগ্রহীদের জন্য এ সুবিধা কার্যকর করা হবে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে বাংলাদেশি শ্রমিকদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন: জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

নুরুল হক নুর বলেন, বিদেশে ভালো কর্মসংস্থানের জন্য ভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। থার্ড ল্যাঙ্গুয়েজ দক্ষতা অর্জন করলে প্রবাসীদের আয় বাড়ার সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া জাপানে এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানো সহজ করতে বাংলাদেশে কনস্যুলার সেবা বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি জানান, সরকার অভিবাসন ব্যয় নির্ধারণ, নতুন শ্রমবাজার সম্প্রসারণ এবং বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে কাজ করছে। মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।