স্বাধীনতার লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বার্তায় তিনি দেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এ উপলক্ষে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী এবং স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতা দিবস জাতির মধ্যে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগ্রত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

প্রধানমন্ত্রী বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের অগ্রগতি ও উন্নয়নকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনা ধারণের মাধ্যমে একটি উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বার্তার শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।