জ্বালানি সংকটে ১৩ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ১:৪৩ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তি চরমে পৌঁছেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি, অপেক্ষার ক্লান্তি আর অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে প্রতিদিন ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন মালিকরা।

মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এ প্রস্তাব তুলে ধরে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

পাম্প মালিকরা বলেন, বর্তমানে ডিপোগুলো থেকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে না। এতে করে স্টেশনগুলোতে চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ছে এবং ক্রেতাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।

সভায় আরও উল্লেখ করা হয়, সরবরাহ ব্যবস্থার পাশাপাশি পরিবহন খরচও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে ট্যাংকার পূর্ণ ধারণক্ষমতা ছাড়াই আংশিক তেল নিয়ে পাঠানো হচ্ছে, যার ফলে খরচ বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

আরও পড়ুন: পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

এই পরিস্থিতি মোকাবিলায় ট্যাংকারে পূর্ণ পরিমাণ তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন পাম্প মালিকরা। পাশাপাশি একই জেলার বিভিন্ন পাম্পে সমন্বিতভাবে জ্বালানি বিতরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

তবে কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুতের অভিযোগ উঠলেও, এটি পুরো খাতের চিত্র নয় বলে দাবি করেন পাম্প মালিকরা।

বর্তমান সংকট দ্রুত নিরসন না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।