প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

আরও পড়ুন: ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান

সাক্ষাৎকালে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল। এছাড়াও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তপন মজুমদারসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছুটির দিনে হেঁটে বিএনপির কার্যালয়ে তারেক রহমান

সাক্ষাৎ শেষে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, তারা সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী তা মনোযোগ দিয়ে শুনে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন, বিচার না পাওয়া এবং চাকরিচ্যুতির মতো বিষয়গুলোও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নেতারা সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, হিন্দু ফাউন্ডেশন গঠন এবং দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় তুলে ধরেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শুনেছেন এবং সমস্যাগুলো সমাধানে আশ্বাস দিয়েছেন।