হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে “হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয়” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দেশের প্রখ্যাত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম।
আরও পড়ুন: চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই: বিদ্যুৎমন্ত্রী
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ ফোয়ারা তাসমিম, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ হানিফ, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডাঃ ফিরোজা বেগম, দৈনিক বাংলা ভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, গবেষক ও রাজনীতিবিদ ডা: তাসনিম জারা, বিএমইউর শিশু রোগ বিভাগের ডিন অধ্যাপক ডাঃ মোঃ আতিয়ার রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ তৌহিদ ইসলাম, বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, বিএমইউর এনেস্থেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা কামাল, বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সাইফ উল্লাহ মুন্সী, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ আবিদ হোসেন মোল্লা, ইপিআই-এর সাবেক প্রোগ্রাম ম্যানেজার ডা: মোঃ তাজুল ইসলাম এ. বারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স অফিসার মো: আরিফুর রহমান, দৈনিক কালবেলার হেলথ এডিটর রাশেদ রাব্বি, ইউনিসেফের প্রতিনিধি ডাঃ হাসানুজ্জামান, জাহিদ শাহেদ, প্রথম আলোর সাংবাদিক শিশির মোড়ল, সুস্বাস্থ্যের বাংলাদেশের সদস্য সচিব ডাঃ শামীম তালুকদার এবং অধ্যাপক ডাঃ সাকলায়েন রাসেলসহ অনেকে।
বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। তারা টিকাদান কর্মসূচি জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, মাঠপর্যায়ে কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
আরও পড়ুন: ক্রয় সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশে হামের এই প্রাদুর্ভাব নতুন কোনো ধরনের ভাইরাস মিউটেশনের জন্য হচ্ছে কিনা, সে বিষয়ে গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়াকে ব্যবহার করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়, তার প্রাসঙ্গিকতাও তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে আলোচনার মূল বিষয়বস্তু ও সুপারিশসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারকে অবহিত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।





