প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৩১ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)। রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও প্রদানের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়ে দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নির্বাচনকালীন সময়ে তিনি দলের অবস্থান নিয়মিতভাবে তুলে ধরেন।

আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান: মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়

মাহদী আমিন শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়নসহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বিভিন্ন নীতি প্রণয়ন, সেমিনার ও কর্মশালায় সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৪ সালে তিনি তারেক রহমান-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

তিনি ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেন।

ছালেহ শিবলী দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন এবং পূর্বেও তাঁর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।