বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী
দেশে বিদ্যমান গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: পবিত্র আশুরার বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রী জানান, দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।
তিনি বলেন, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান হারে দৈনিক প্রায় ১,৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ
গ্যাস অনুসন্ধান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, পেট্রোবাংলা-র কূপ খনন ও ওয়ার্কওভারের মহাপরিকল্পনার আওতায় মোট ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে চলমান।
সাইসমিক জরিপের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বাপেক্স-এর মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩,৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তা প্রক্রিয়াকরণ চলছে। পাশাপাশি বিজিএফসিএল-এর মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ১,৪৫০ বর্গকিলোমিটার জুড়ে ৩ডি সাইসমিক জরিপ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া বাপেক্স ও এসজিএফএল-এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত ৩ডি সাইসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।





