হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্ত্রী
“হামে আক্রান্ত এক সন্তানের মৃত্যু, অন্য সন্তানকে নিয়েও আতঙ্কিত মা” শীর্ষক প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে।
এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন-কে দ্রুত ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শোকাহত শামীম-নাহার দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। একই সঙ্গে অসুস্থ সন্তানটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ আরও অনেকে।
আরও পড়ুন: দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
উল্লেখ্য, পরিবারের বড় সন্তান নিহাল (৬) এবং ছোট সন্তান সিয়াম (৩) হাম-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। পবিত্র ঈদুল ফিতর-এর দিন ছোট সন্তান সিয়াম (৩) মারা যায়, যা পরিবারটির জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়।





