নয় বছরের পথচলার শেষ, আবেগঘন পোস্টে স্মৃতিচারণ পলাশের
দীর্ঘ নয় বছরের পথচলার পর শেষ হয়েছে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদন দেওয়া এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকের হাসি, আনন্দ ও আবেগ। শুটিং শেষের এই মুহূর্তে পুরোনো দিনের স্মৃতি মনে করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশ।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের দীর্ঘ একটি সময় জড়িয়ে থাকার কথা তুলে ধরেছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে শুরুর দিনগুলোর স্মৃতি, পরিচিত শুটিং লোকেশন এবং এই ধারাবাহিকের সঙ্গে নিজের বেড়ে ওঠার গল্প।
আরও পড়ুন: আজ অনিরুদ্ধ-কাব্যর বিয়ে,গ্রিসে সম্পন্ন বাগদান
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পলাশ লেখেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প।’
শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা শুরু হয়েছিল একটি নতুন গল্প নিয়ে। এরপর সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। কেটেছে দিন, গড়িয়েছে বছর। বদলেছে ঋতু, মানুষ ও চারপাশের পরিচিত পরিবেশ। দর্শকদের চোখের সামনে বড় হওয়ার পাশাপাশি এই গল্পের সঙ্গে সঙ্গে নিজেও যে বড় হয়ে উঠেছেন, সেটিও উপলব্ধি করেছেন অভিনেতা।
আরও পড়ুন: উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে ঢাকায় বিশেষ সংগীত আয়োজন
পলাশের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি নাটক নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাঁর ভাষায়, অসংখ্য সকাল, রাত, আনন্দ, অভিমান ও প্রিয় মানুষের স্মৃতি মিলিয়ে কখন যে একটি নাটক নিজের জীবনের অংশ হয়ে ওঠে, তা বোঝা যায় না।
শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা আরও লেখেন, এত বছরের স্মৃতি কোথায় জমা রাখবেন, কিংবা এত দীর্ঘ পথচলার গল্প কোন বাক্যে প্রকাশ করবেন, তা বুঝে উঠতে পারছেন না। তাঁর মতে, সবকিছুরই একসময় শেষ হয়। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংও শেষ হয়েছে। মানুষ ফিরে যাবে, শুটিং শেষ হবে, নিভে যাবে আলো।
তবে শেষের মধ্যেও কিছু স্মৃতি থেকে যাবে বলে মনে করেন পলাশ। চেনা রাস্তা, সেই গাছতলা আর সহকর্মীদের হাসির শব্দ তাঁর মনে বেঁচে থাকবে। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’
পলাশের এই আবেগঘন স্মৃতিচারণে উঠে এসেছে একটি দীর্ঘ টেলিভিশন যাত্রার সঙ্গে একজন অভিনেতার ব্যক্তিগত বেড়ে ওঠা, ভালোবাসা ও অসংখ্য স্মৃতির সম্পর্ক।





