মাধবপুরে জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের প্রধান সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন স্থানে কংক্রিট ও পলেস্তারা খসে পড়েছে। কোথাও কোথাও বেরিয়ে এসেছে ভেতরের রড। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, রামেশ্বর গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম সেতুটি। প্রতিদিন শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ এই সেতু দিয়ে চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কারকাজ না হওয়ায় সেতুটির অবস্থা ক্রমেই নাজুক হয়ে পড়ছে। বিশেষ করে সেতুর নিচের অংশের কংক্রিট ক্ষয়ে রড বেরিয়ে আসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের
স্থানীয় বাসিন্দা কামরুল খান জানান, সেতুটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাচলে বেশি সতর্ক থাকতে হয়। দ্রুত সংস্কার করা না হলে সেতুটি ভেঙে পড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।স্থানীয় এমপি এস.এম ফয়সলের সুদৃষ্টি কামনা করছেন।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে পুরোনো সেতুটি পুনর্নির্মাণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: উলিপুরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা মো. সামস্ জাবেদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। তাই সবকিছু এখনো জানা নেই। তবে বেশ কয়েকটি সেতু নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।’
দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা রামেশ্বর গ্রামের গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।





