প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে গেছেন তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশান এলাকার বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ১০টায় তার বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
আরও পড়ুন: দেড়শ বছরের বগুড়ার পৌরসভা থেকে সিটি করপোরেশন নতুন যাত্রা শুরু
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ সফরে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন তিনি।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের বিশেষ নির্দেশনা
এরপর দুপুর পৌনে ১২টায় শহর থেকে গাবতলী উপজেলা-এর বাগবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন এবং পৌনে ১টায় সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ-এ জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সব কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি-এ যাত্রাবিরতি করবেন।





