হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের বিশেষ নির্দেশনা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইরান সরকার।
সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।
আরও পড়ুন: জাতিসংঘের সংস্কার ও আস্থা পুনর্গঠনের আহ্বান খলিলুর রহমানের
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল সহজতর করতে ইরানের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, ইরান পূর্বে হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ সরকার কৃতজ্ঞ।
পরবর্তীতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে উত্থাপন করেন এবং রোববার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন।
ইরানের পক্ষ থেকে বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করা হয় এবং সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ রুটে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ইরানের এ উদ্যোগের ফলে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য জাহাজের যাতায়াত আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।





