সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ, ১২ মে ভোট
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিতে পারবেন।
ইসি সূত্রে জানা গেছে, জমা পড়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রার্থীরা ২৬ এপ্রিল আপিল করতে পারবেন, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট পেতে পারে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পেতে পারে ১৩টি এবং স্বতন্ত্র জোটের ভাগে যেতে পারে একটি আসন।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, জোটগুলোর নির্ধারিত আসনের চেয়ে বেশি প্রার্থী না থাকলে অনেক ক্ষেত্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
এরই মধ্যে বড় রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। বিএনপি জোট নির্ধারিত ৩৬ জনের তালিকা চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এ পর্যন্ত ইসি থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কয়েকজন ইতোমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।





