নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ডিগ্রি পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলায় উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার।’ তিনি আরও দাবি করেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন দেশ গঠনের পালা।’ তিনি জানান, আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে থাকা অনেক কল-কারখানা পুনরায় চালু করা হবে।

অনুষ্ঠানে তিনি স্থানীয় জনগণকে খাল খনন কাজে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের উন্নয়নমূলক কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রধানমন্ত্রী বলেন, জনগণের লুণ্ঠিত অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে অতীতের মতোই জনগণ তার জবাব দেবে। তিনি আরও আশ্বস্ত করেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।