শ্রমিকদের রাষ্ট্রীয় কার্ড ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশের শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। তাদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান এবং সেই কার্ডের আওতায় চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (০১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সচিবালয়ের সামনে কড়া নিরাপত্তা, বন্ধ সব গেট

ফয়জুল করীম বলেন, শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের জন্য পৃথক পরিচয়পত্র চালু করে স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও আবাসন সুবিধা নিশ্চিত করা জরুরি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের স্বার্থে অতীতে তারা সমঝোতা পরিহার করেছেন। “আমরা কোনো গোপন রাজনীতি করি না; আমাদের সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ,” বলেন তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

তিনি অভিযোগ করে বলেন, অন্য রাজনৈতিক দলগুলো ইসলামকে উপেক্ষা করে গোপন সমঝোতায় লিপ্ত হয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করে যাচ্ছে।

মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যু নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের বিতর্ক জাতিকে বিভ্রান্ত করে। বিরোধী দলকে পরিষ্কার করতে হবে—তারা শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থার পক্ষে, নাকি প্রচলিত ব্যবস্থার পক্ষে।”

এছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান এবং দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরির অভিযোগ তুলে তা বন্ধ করার আহ্বান জানান।